রাউজানের কৃতী সন্তান আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিনকে মানবতার দ্যুতি উপাধি প্রদান করেছে সুমেধানন্দ মহাথেরো ওয়েলফেয়ার মিশন। গত রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে তাঁকে এই উপাধি দেওয়া হয়। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অবহেলিত জনপদের উন্নয়নে ও জীবনমানের উৎকর্ষ সাধনে অসামান্য অবদান রাখায় আলমাস-ইউনুচ ও আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিনকে সংস্থাটির প্রতিষ্ঠাবার্ষিকী, অভিষেক, গুণীজন সংবর্ধনা, স্মারকগ্রন্থ প্রকাশ ও অভিধা প্রদান অনুষ্ঠানে এ উপাধি দেয়া হয়।
বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি সুমিত্তানন্দ মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। উপস্থিত ছিলেন মানবতার দ্যুতি উপাধিপ্রাপ্ত আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন। অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব, অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি-চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যাপক শিমুল বড়ুয়া, মোহাম্মদ মোখতার আহমদ, হাবিব উল্লাহ মাস্টার, আইনজীবী রেবা বড়ুয়া, ড. সুব্রত বরণ বড়ুয়া, এস.এম ইউসুফ উদ্দিন, মো. বেলাল, ফরিদুল ইসলাম আনসারী, সুজন বড়ুয়া প্রমুখ।
এতে আলহাজ জসিম উদ্দিন বলেন, “সুমেধানন্দ ওয়েলফেয়ার মিশনের জন্যে আমি কিছু করিনি, তারপরেও এ সংগঠন আজ আমায় এরকম সম্মানে সম্মানিত করলো তাতে আমি আবেগাপ্লুত।” রত্নগর্ভা উপাধি পান আইনজীবী রেবা বড়ুয়া। মঙ্গলাচরণ করেন শুভানন্দ ভিক্ষু। অনুষ্ঠান উপস্থাপনা করেন সুমেধানন্দ মহাথেরো ওয়েলফেয়ার মিশনের মহাসচিব শিমুল বড়ুয়া সুমন। জসিম উদ্দিনের অভিধা পত্র পাঠ শেষে তাঁকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব, অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো।